আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
দেশজুড়ে আওয়ামী লীগের অব্যাহত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চক্রান্তের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাওয়াই রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুরুজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ইছাহাক আলী, সদস্য সচিব স্বপন মিয়া এবং ৫ নম্বর জোড়খালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ঠান্ডু মণ্ডলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি গণবিরোধী সংগঠন। তারা অতীতেও অগ্নিসন্ত্রাস ও হামলা-হুলিয়া চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানেও তারা দেশে পুনরায় বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাস কায়েম করার চক্রান্ত চালাচ্ছে, যার অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও চক্রান্ত প্রতিহত করতে কৃষকদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে।




