Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে জমানো আমানতের টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রোববার (২৭ সেপ্টেম্বর ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। জমানো অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে এ আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

‘আন্দোলনরত সকল বঞ্চিত গ্রাহক’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২ হাজার গ্রাহক অংশগ্রহণ করেন। দুপুরে মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম চৌরাস্তার মোড় এলাকা থেকে অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজুর নেতৃত্বে লাঠি হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে অবস্থান নেয় এবং একপর্যায়ে পুরো উপজেলা পরিষদ ঘেরাও করে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়।

কর্মসূচি চলাকালে রাকিবুল ইসলাম নামে এক গ্রাহক ও অর্থ উদ্ধার কমিটির নেতার সঙ্গে আন্দোলনকারীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তাকেসহ ১০ জন নারী গ্রাহক উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ঘরে এবং সমাজ সেবা কার্যালয়ে ১ জন পুরুষসহ মোট ১৩ জন গ্ৰাহককে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ গ্ৰাহকরা। ঘটনার বিষয়ে আন্দোলনের নেতা শিবলুল বারী রাজু জানান, ওই ব্যক্তি বিক্ষুব্ধ গ্রাহকদের সামনে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করায় উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে।

জেলা সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব সমিতিতে ৩২ হাজার ৪২৪ জন গ্রাহকের আনুমানিক ৭২০ কোটি ১৯ লাখ ৯ হাজার ১৫০ টাকা আটকে রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাক শ্রমিক ও চাকরিজীবীসহ খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

আন্দোলনকারীদের দাবি, চিহ্নিত সমবায় সমিতিগুলোর অধিকাংশ পরিচালক আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। এর পাশাপাশি একাধিক সমিতির সঙ্গে জামায়াত নেতাদেরও সম্পৃক্ততা রয়েছে।

অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজু ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ তিন বছর ধরে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু গ্রাহকরা এখনও তাদের আমানত ফেরত পায়নি। স্থানীয় সংসদ সদস্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সাধারণ গ্রাহকরা প্রত্যাখ্যান করেছেন; কারণ ওই প্রতিশ্রুতি গ্রাহকদের স্বার্থ রক্ষা না করে সমিতির মালিকপক্ষের স্বার্থ রক্ষা করছে। আমানত ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ঘটনা সম্পর্কিত কোনো লিখিত অভিযোগ এখনো পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, সংসদ সদস্য ও অর্থ উদ্ধার কমিটির সঙ্গে পূর্বে আলোচনা হয়েছিল এবং আন্দোলন না করার কথা ছিল। নতুন করে কেন আবার আন্দোলন শুরু হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies