আলমগীর হোসাইন, মাদারগঞ্জপ্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে নাশকতার একটি মামলায় আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরনবী লুলু সরকারকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আবু তালুকদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরনবী লুলু সরকার পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দুই মেয়াদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




