বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে হঠাৎ ঝোড়ো বাতাসে নঈম মিয়ার বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে অল্প সময়ের তীব্র ঝড়ে বেশ কয়েকটি গাছ ভেঙে ও উপড়ে পড়ে। এতে কয়েকটি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চারপাশ অন্ধকার হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচণ্ড দমকা হাওয়া। ঝড়ের সময় বাজার ও আশপাশের এলাকায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায়। পরে দেখা যায়, সড়কের পাশে থাকা বেশ কয়েকটি বড় গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে আছে। কোনো কোনো গাছ শিকড়সহ উপড়ে যায়।
নঈম মিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘হঠাৎ করেই প্রচণ্ড বাতাস শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বড় বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। ওই সময় সড়কে লোকজনের চলাচল তুলনামূলক কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।’
ঝড়ের খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলী জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে ছয় থেকে সাতটি বড় গাছ সড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বকশীগঞ্জে আকস্মিক ঝড়ে, নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি
Oplus_131072
React:




