জেলা প্রতিনিধি, জামালপুরঃ
এইচএসসির ফল খারাপ হওয়ার পেছনে বিভিন্ন জায়গায় ঘাটতি রয়েছে, বর্তমান সরকারেরও শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতা আছে।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে জামালপুর হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, বিগত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। ২০০৯ সালে গঠিত শিক্ষা কমিশনের প্রস্তাবনার আলোকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না হয়ে বরং অবনতি হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। শিক্ষা ব্যবস্থা যোগ্য মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে। পড়াশোনা শেষ করেও চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এইচএসসির ফল খারাপ হওয়ার পেছনে বিভিন্ন জায়গায় ঘাটতি রয়েছে। শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্বশীলতার অভাব দেখা যাচ্ছে। সরকার বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছে। জুলাই বিপ্লবের পর এসব বৈষম্য দূর হবে বলে আশা করা হলেও তা হয়নি।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, তারা যেন ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে জন্য এগিয়ে যেতে হবে। আর যারা পাস করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ছাত্রশিবির তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবে।




