ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার ৭৩৭ জন শিশু তাদের একজন বা উভয় অভিভাবককে হারিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুর মধ্যে ৫২ হাজার ৯৫ জন বাবাকে, ৫ হাজার ৯২৯ জন মাকে এবং ২ হাজার ৭১৩ জন একই সঙ্গে বাবা ও মাকে হারিয়ে এতিম হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অব্যাহত হামলায় ২ হাজার ২৭৬টি পরিবার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। এসব পরিবারের মোট ৮ হাজার ৮৫৮ জন সদস্যের নাম এখন আর গাজার নাগরিক নিবন্ধনে জীবিত পরিবারের অংশ হিসেবে নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির একটি সমঝোতা হলেও, এরপরও গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিরতির পর থেকে নতুন করে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
মানবিক সংকটের পাশাপাশি এত বিপুলসংখ্যক শিশুর অনাথ হয়ে পড়া গাজার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর সামাজিক ও মানসিক সংকট তৈরি করছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।




