Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
স্ব্যাস্থ

মস্তিষ্কের রহস্য ভেদে নতুন যুগ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের রহস্য ভেদে নতুন যুগ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের স্নায়ুকোষ কীভাবে অনুভূতি, আচরণ ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে, তা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছরের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মনোরোগ বিশেষজ্ঞ ও স্নায়ুবিজ্ঞানী কার্ল ডেইসেরথ এবং জার্মানির বিজ্ঞানী পিটার হেগেমান ও জর্জ নাগেল।

অপ্টোজেনেটিকস নামের একটি বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশ ও প্রয়োগে তাদের গবেষণা মস্তিষ্কের কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা নির্দিষ্ট স্নায়ুকোষ ও তাদের পারস্পরিক সংযোগ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে পারছেন।

নোবেল কমিটি বলেছে, এই তিন বিজ্ঞানীর গবেষণা স্নায়ুবিজ্ঞানে নতুন যুগের ভিত্তি তৈরি করেছে। তাদের কাজের মাধ্যমে নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণের সঙ্গে সম্পর্কিত স্নায়বিক সার্কিট সম্পর্কে বিজ্ঞানীরা আরও গভীরভাবে জানতে পারছেন। এসব বিষয় বিভিন্ন স্নায়বিক ও মানসিক রোগ বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

চিকিৎসাবিজ্ঞানে ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে দৃষ্টিশক্তি হারানো মানুষের দৃষ্টি ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে।

নোবেল অ্যাসেম্বলি বলেছে, মানুষের মস্তিষ্ক সম্পর্কে আমাদের বোঝাপড়ায় অপ্টোজেনেটিকস মৌলিক পরিবর্তন এনেছে। প্রতিদিনই এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যা মানুষের অন্যতম বড় রহস্য—আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে—তা উন্মোচনের পথ তৈরি করছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বিজয়ীরা একে ‘অসাধারণ আনন্দের’ বিষয় বলে উল্লেখ করেছেন। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে পারাকে তারা বিশেষ মর্যাদার বলে জানিয়েছেন।

তিন বিজ্ঞানী যৌথভাবে প্রায় ৯ লাখ পাউন্ড বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার পুরস্কারমূল্য পাবেন।

মস্তিষ্কের কার্যক্রম বোঝার নতুন পদ্ধতি

নোবেল কমিটির চেয়ারম্যান পার স্ভেনিংসন বলেন, অপ্টোজেনেটিকস এমনভাবে মস্তিষ্কের বিভিন্ন পথ ও সংযোগের মানচিত্র তৈরি করার সুযোগ দিয়েছে, যা একসময় বিজ্ঞানীদের কাছে কল্পনার মতো ছিল।

এই প্রযুক্তির বিকাশের আগে অনুভূতি, আচরণ এবং শরীরের বিভিন্ন কার্যক্রমের পেছনে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো কীভাবে কাজ করে, তা অনেকটাই অজানা ছিল।

অপ্টোজেনেটিকস এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে আলো ব্যবহার করে স্নায়ুকোষের বৈদ্যুতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। এ কাজে ব্যবহার করা হয় শৈবাল থেকে পাওয়া একটি বিশেষ ধরনের প্রোটিন।

২০০০-এর দশকের শুরুতে পিটার হেগেমান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামের সেই প্রোটিন শনাক্ত করেন। আলোতে সাড়া দেওয়ার বিশেষ বৈশিষ্ট্যের কারণে প্রোটিনটি পরবর্তী সময়ে স্নায়ুবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে।

এরপর বিজ্ঞানীরা অপ্টোজেনেটিকস ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষ ও মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুপথ পর্যবেক্ষণ করতে সক্ষম হন। এর ফলে স্মৃতি, অনুভূতি ও আচরণের মতো জটিল বিষয়গুলোর সঙ্গে মস্তিষ্কের কোন অংশ ও কোন স্নায়ুকোষ কীভাবে যুক্ত, সে সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসতে থাকে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies