ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা স্থানান্তর করেছেন। পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেছিলেন তিনি। নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই তিনি ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী স্টার নিউজকে জানান, সিটি নির্বাচন করার জন্য ঢাকাবাসীর একটা চাপ আছে। দেখি কি করা যায়।
তার এই বক্তব্যের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তনকে অনেকেই আসন্ন সিটি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।

