যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্ত পর দেশটিতে প্রথমবারের মতো রাশিয়ার ডিজেল রপ্তানি করা হচ্ছে। রাশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দিকে যাচ্ছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ডাটার বরাতে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স|
যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসে রাশিয়ার সঙ্গে এ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
চুক্তির আওতায় রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞার কিছু বিধানও শিথিল করেছেন ট্রাম্প। একই সঙ্গে জ্বালানির দাম কমাতে জরুরি মজুত থেকে আরও তেল ছাড়তে ইউরোপের দেশগুলোকে চাপ দিয়েছেন তিনি। অন্যথায় ইউরোপে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধের হুমকিও দিয়েছেন।
এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফ্যানেন্ডেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর থেকে ৪০ হাজার টন অতি কম সালফারযুক্ত ডিজেল নিয়ে যাত্রা করে। জাহাজটির যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর। তবে এই চালানের ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্যাংকারটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইস্টার্ন মেডিটেরেনিয়ান মেরিটাইম লিমিটেড (ইস্টমেড) জানিয়েছে, জাহাজটি উত্তর আটলান্টিকের দিকে যাওয়ার পথে নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তবে এর গন্তব্য নিউইয়র্ক—এমন তথ্য নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
ইস্টমেডের এক কর্মকর্তা বলেন, ডিজেল খালাসের বন্দর কিংবা দেশ এখনো চূড়ান্ত করা হয়নি।- যুগান্তর

