শ্রীনগরে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’, স্তন ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ
আব্দুর রকিব, বিশেষ প্রতিনিধি:
পরিবারের সবার যত্ন নিলেও অনেক নারী নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। লজ্জাবোধের কারণে স্তনে অস্বাভাবিক পরিবর্তন বা সমস্যা দেখা দিলেও অনেকে চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। এ অবস্থা থেকে উত্তরণে নারীদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত স্তন পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড়ে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ মূলত ঢাকা শহরকেন্দ্রিক কর্মসূচি হিসেবে শুরু হয়েছিল। তবে তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে ২০২০ সালের পর থেকে ঢাকার বাইরেও এ কর্মসূচি পালন করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বাঙালি নারীরা পরিবারের অন্য সদস্যদের যত্ন নিলেও অনেক সময় নিজের স্বাস্থ্যের বিষয়ে উদাসীন থাকেন। আবার সামাজিক সংকোচ ও লজ্জাবোধের কারণে স্তন ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ দেখা দিলেও অনেকে তা গোপন করেন। এ পরিস্থিতি পরিবর্তনে নারীদের নিজের শরীরের প্রতি সচেতন হতে হবে। স্তনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্তন ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ স্তন ক্যান্সার প্রতিরোধে কাজ করা অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোলাপি রঙে সাজানো একটি বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ সচেতনতামূলক অভিযাত্রায় অংশ নিয়েছেন।
প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে শোভাযাত্রাটির বরিশালে পৌঁছানোর কথা রয়েছে। পথে নির্ধারিত বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ শেষে অংশগ্রহণকারীদের বরিশালে রাত্রিযাপনের পরিকল্পনা রয়েছে।
পরবর্তী ধাপে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। এসব এলাকায় স্থানীয় অংশীজনদের সঙ্গে নিয়ে পথসভা ও প্রচারপত্র বিতরণ করা হবে। কর্মসূচি শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে।
শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
নারীরা পরিবারের যত্ন নিলেও নিজের স্বাস্থ্যে অবহেলা করেন: ডা. হাবিবুল্লাহ তালুকদার
React:

