জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হতে পারেন। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাঁকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। এ রদবদরে রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা পুনর্বণ্টন হতে পারে। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।
নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া কয়েকজন সদস্যের মধ্যে কয়েকজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এর অংশ হিসেবে রশিদুজ্জামান মিল্লাতের বর্তমান দায়িত্বে পরিবর্তন এনে তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

