সাদিকুর রহমান, জামালপুর।
মাদ্রাসার কর্মচারী ও জমিদাতার ছেলেকে মারধর ও মাদ্রাসার জমি দখলের অভিযোগ করে মানববন্ধন করেছে চরযথার্থপুর দাখিল মাদ্রাসা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসার সামনে বারুয়ামারী জামালপুর রাস্তায় মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি চক্র গোপনে মাদ্রাসার জমির ভুয়া কাগজপত্র তৈরি করে নামজারি নিজেদের অনুকূলে নিয়ে যায়। এ চক্রের নেতৃত্বে আছে সিরাজুলের ছেলে জহুরুল। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং জমিদাতাদের কাউকে না জানিয়ে নামজারি সংশোধনের কাজ করা হয়। মাদ্রাসার কর্তৃপক্ষ বিষয়টি জানার পরে আদালতে আপিল করেন এবং বিষয়টি এখন আদালতে প্রক্রিয়াধীন।
মারধরের শিকার মাদ্রাসার কর্মচারী ফিরোজ আহমেদ বলেন, গতকাল সকালে ফেরিঘাটে বাজার করতে যাই। এ সময় আমাকে ঘরের ভিতর তালাবদ্ধ করে লাঠি দিয়ে মারধর করে এবং হুমকি দেয়। শুধু আমি নই মাদ্রাসার সুপারসহ অন্যান্য সকল শিক্ষককে মারধর করা হবে বলে হুমকি দেয়।
সুপারিনটেনডেন্ট মোঃ ফজলুর রহমান বলেন, কর্মচারী ফিরোজ আহমেদকে মারধর এবং জমি দাতার ছেলে আব্দুল হালীম মন মিয়াকে মারধর করেছে সুলাইমান ও তার ছেলে আনোয়ার। এর সঠিক বিচার দাবি করছি।
এছাড়াও, মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, সহকারী শিক্ষক গোলাম ফারুক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মুজিবর রহমান, মারধরের শিকার ও জমিদাতার ছেলে আব্দুল হালিম মন মিয়া প্রমুখ।

