Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

অনিয়ম-জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

অনিয়ম-জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্ত চলার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ। বার্তা সংস্থা রয়টার্স তাঁর পদত্যাগপত্র দেখেছে।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তদন্ত করছে ডব্লিউএইচও। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তিনি।

পদত্যাগপত্রে যা বলেছেন সায়মা

তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য তিনি আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্বটি তিনি আন্তরিকতার সঙ্গে পালন করে আসছিলেন।

তবে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তাঁর আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

সায়মা ওয়াজেদ লিখেছেন, তাঁকে দায়িত্ব কার্যকরভাবে পালনে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় এক বছর বেতন ছাড়া ছুটিতে থাকায় তাঁর আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে। এসব কারণেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সায়মা ওয়াজে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডব্লিউএইচওও তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কারণ দেখিয়ে তাঁর বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি সংস্থাটি।

কী অভিযোগ তদন্ত করছে ডব্লিউএইচও

চলতি বছরের ৩ জুলাই সায়মা ওয়াজেদের আইনজীবীরা ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে জানান, তাঁর বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সায়মা ওয়াজেদের পদত্যাগপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও তাঁর বিরুদ্ধে তুলেছে ডব্লিউএইচও।

তবে সায়মা ওয়াজেদ দাবি করেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির অধিকার পেয়েছিলেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।

৯০১ ডলারের ভ্রমণ ব্যয়ের অভিযোগ

জুলাইয়ে ডব্লিউএইচওকে দেওয়া চিঠিতে ভ্রমণসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেন সায়মা ওয়াজেদ।

তাঁর আইনজীবীদের মাধ্যমে পাঠানো চিঠিতে বলা হয়, নিয়মিত ভ্রমণ ব্যয় ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়া করার সময় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছিল। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে সায়মার বক্তব্য

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগেরও জবাব দিয়েছেন সায়মা ওয়াজেদ।

তাঁর বক্তব্য, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এই যোগ্যতার বিষয়টি তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসকে স্পষ্টভাবে জানিয়েছিলেন বলে দাবি করেন।

কীভাবে ডব্লিউএইচওর পদে এসেছিলেন

২০২৩ সালের নভেম্বরে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর ভোটে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়।

২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু হয়। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে বেতন ছাড়া ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। পদত্যাগের আগ পর্যন্ত তিনি ওই ছুটিতেই ছিলেন।

নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া

এর আগে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর পরিকল্পনা করছিল ডব্লিউএইচও।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ওই পদের জন্য মনোনয়ন ঘোষণা করা হতে পারে। ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকেরা আন্তর্জাতিক স্বাস্থ্যনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লিউএইচওর নীতি বাস্তবায়ন তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারত রয়েছে। সদস্যদেশগুলোর ভোটে প্রতি পাঁচ বছর পরপর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies