রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানাতে শহরের সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জোরদার করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা।
রোববার ও সোমবার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে থাকবেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন তিনি বাবা-মায়ের কবর জিয়ারত এবং নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আনন্দের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ চান তারা। নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে।
এদিকে সফর ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন।




