স্টাফ রিপোর্টার:
ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত আন্তরিক হলে এবং বাংলাদেশ সরকারের দেওয়া শর্তগুলো পূরণে সম্মত হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে কোনো আপত্তি নেই।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া অন্যান্য শর্ত পূরণে ভারত সরকার আন্তরিক হলে দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো দেশের সঙ্গে দাসত্বের সম্পর্ক থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।
হুমায়ুন কবির আরও বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দাবিগুলো পূরণে ইতিবাচক সাড়া পাওয়া গেলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন।
ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় রূপান্তরসহ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেউ আমাদের শত্রু নয়। ব্যক্তি বা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে উন্নয়নের উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে। এলাকার স্বার্থে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Oplus_131072
React:




