ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট’ ও বিভিন্ন সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।ঢামেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের করা অভিযোগটি খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ জামানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমান।কমিটির অন্য সদস্যরা হলেন—শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। অনেকেই এ বিষয়ে আবেদন করেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ নিয়ে রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর
React:




