নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে এ প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে ফিরবেন। এ সময় দলমতনির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেফতার দুইজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




