সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করার প্রত্যাশার কথা জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনী গ্রহণ করতে চাই, যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে।’
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বলেছি, তাদের (বিরোধী দল) সঙ্গে আমরা আলোচনা করবো। দিন-তারিখ এবং তাদের তালিকা নির্ধারণ করে আমরা আলোচনা করবো। এরপর একটি কথা আমি বলেছি, বিরোধী দলের পক্ষ থেকে যে পাঁচটি নাম দেয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনও পাইনি। আমি আশা করি, তারা হয়তো অনুধাবন করবেন। এখন তারা হয়তো তাদের নাম দেবেন এবং তাদের সঙ্গে আমরা আলোচনা করবো।’
এছাড়াও বিরোধী দলের সব সদস্যের পরামর্শ গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা যদি মিটিংয়ে এসে দেন, ভালো। মিটিংয়ের বাইরে লিখিতভাবে দিলেও আমরা সেটা গ্রহণ করব। এভাবে আমরা একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশার সবকিছু ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।’
সংবিধান সংশোধনে বড় চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, ‘সংবিধান সংশোধন করতে এই কমিটির সামনে কোনও চ্যালেঞ্জ নেই, আমাদের প্রত্যাশা আছে। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। এটাকে আমি চ্যালেঞ্জ বলতে চাই না, যেহেতু আমরা উদার এবং ওপেন। আমরা সবার কথা শুনবো।’




