Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুট

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুট

রাত তখন সাড়ে ১০টা। রাজধানীর ইসিবি চত্বরে হঠাৎ একদল লোক ঢুকে পড়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে। মুহূর্তেই শুরু হয় ভাঙচুর। আতঙ্কে স্টুডিওর কর্মকর্তারা আশ্রয় নেন টয়লেটে। অভিযোগ, হামলাকারীদের কেউ কেউ চাপাতি ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয় দেখায়। পরে স্টুডিও থেকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় মালামাল।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে বিমানে ঢাকায় ফিরে ঘটনাস্থলে যান তিনি। পরে ফেসবুক লাইভে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

স্টুডিওটির এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক হঠাৎ সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।

ওই কর্মকর্তা আরও জানান, স্টুডিওতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে। তবে হামলায় কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।

স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, সরঞ্জাম ও অন্যান্য কাজের উপকরণ রাখা ছিল বলে ফেসবুক লাইভে জানান সালমান মুক্তাদির। সেগুলো নিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হতে পারে বলে তিনি জানান। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির নির্দিষ্ট আর্থিক পরিমাণ জানাতে পারেননি।

সালমান মুক্তাদির বলেন, স্টুডিওতে প্রায় ৩০ থেকে ৪০টি ক্লায়েন্টের বিভিন্ন কাজ ও ফুটেজ ছিল। এসব উপকরণ হারিয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ হিসাব করা কঠিন। তিনি জানান, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা করবেন।

আরেকটি ফেসবুক লাইভে ধ্বংস হয়ে যাওয়া স্টুডিও দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’ বাংলাদেশে সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য এমন স্টুডিও খুব কম ছিল বলেও দাবি করেন তিনি।

হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান মুক্তাদির বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’

তবে তার এই অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হামলার পর কর্মীদের ভেঙে না পড়ার আহ্বান জানান সালমান মুক্তাদির। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘তোমরা রিলাক্স। এটা কিছুই না। আমরা এখানেই কাজ করব।’

স্টুডিওটি তার সঙ্গে কাজ করা অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজের জায়গা হয়ে উঠেছিল উল্লেখ করে সালমান বলেন, হামলার পরও তিনি কাজ থামাবেন না।

তিনি বলেন, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

স্টুডিও নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবদানের কথাও তুলে ধরেন সালমান। জানান, স্টুডিও নির্মাণের সময় তার স্ত্রী নিয়মিত সেখানে এসে কাজ তদারকি করতেন। সহকর্মীদের অনেকে রাত জেগে নিরাপত্তার কাজও করেছেন।

সালমান মুক্তাদির আরও বলেন, হামলার ঘটনায় ভয় পেয়ে তিনি সৃজনশীল কাজ বন্ধ করবেন না। বরং এর চেয়ে বড় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এক ফেসবুক লাইভে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামোদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’

অন্য এক ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশ করে তিনি চাঁদাবাজির অভিযোগ তোলেন।

এদিকে, হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে মামলার ধরন, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies