নতুন জামালপুর ডেস্ক :
গণপরিবহনে জোরে গান বা মোবাইল ফোনে ভিডিও চালানো, সিটের ওপর পা তুলে বসা, খাওয়া-দাওয়া ও ময়লা ফেলার মতো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সিঙ্গাপুর। এসব অপরাধে যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানা বেড়ে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুর ডলার।
সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) জানিয়েছে, গণপরিবহন সবার জন্য একটি অভিন্ন জায়গা। তাই যাত্রীদের অন্যদের কথা বিবেচনা করে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বাসে সিটের ওপর পা রাখা, উচ্চ শব্দে গান বা অডিও বাজানো, খাওয়া-দাওয়া এবং ময়লা ফেলার মতো অপরাধে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা।
তবে কোনো যাত্রীর আচরণে অন্যদের চলাচলে বাধা সৃষ্টি হলে কিংবা নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের কোনো অংশ নোংরা বা ময়লা করলে গুরুতর অপরাধ হিসেবে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭৪ হাজার টাকা।
যারা জরিমানা করতে পারবেন
নতুন নিয়ম বাস্তবায়নের দায়িত্বে থাকবেন অনুমোদিত বাসকর্মীরা। এর মধ্যে টিকিট পরিদর্শক ও বাস ইন্টারচেঞ্জের কর্মীরাও থাকবেন। কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ হলে এসব কর্মকর্তা তাকে আনুষ্ঠানিক নোটিশ দিতে পারবেন।
এলটিএ জানিয়েছে, গণপরিবহনে সবার জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও বিবেচনাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীর ভূমিকা রয়েছে।
রেলপথে আগে থেকেই ছিল বিধিনিষেধ
সিঙ্গাপুরের রেল বা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থায় এ ধরনের কিছু বিধিনিষেধ আগে থেকেই রয়েছে। উদাহরণস্বরূপ, এমআরটিতে যাত্রীদের খাবার খাওয়ার ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে।
তবে বাসে এতদিন এসব বিষয় সাধারণত পরিবহন কোম্পানির নিজস্ব নীতিমালার আওতায় পরিচালিত হতো। নিয়ম ভাঙলে বাসচালক কোনো যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলতে পারতেন। নতুন ব্যবস্থার ফলে বাসেও এসব আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক জরিমানার সুযোগ তৈরি হলো।
অন্য দেশেও কড়াকড়ি
গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বের আরও কয়েকটি দেশ ও শহরেও কঠোর ব্যবস্থা রয়েছে। চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোভ শহরে গণপরিবহনে নির্দিষ্ট কিছু বিরক্তিকর আচরণের জন্য সর্বোচ্চ ২০০ জ্লোটি জরিমানার বিধান করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে রেলস্টেশনে স্পিকারে উচ্চস্বরে ফোনে কথা বলার কারণে এক ব্যক্তিকে প্রায় ২০০ ডলার জরিমানা করা হয়।
সিঙ্গাপুরের নতুন বিধির মাধ্যমে বাসযাত্রায় ব্যক্তিগত আচরণ ও অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্যের মধ্যে সীমারেখা আরও স্পষ্ট করা হলো।




