নিজস্ব প্রতিবেদক:
নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে সমান অধিকার, সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
তারেক রহমান বলেন, তরুণরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারে এবং প্রতিটি শিশু যেন তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়—এমন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য নিরাপদ, স্থিতিশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
ভাষণের শেষ দিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। দায়িত্ব পালনের সময় বাংলাদেশ পূর্ণ সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
React:




