নতুন জামালপুর ডেস্ক :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।
বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে কোটালীপাড়ার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমন মোল্লা (১৩)কে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে।
সুমনের অভিযোগ, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ স্কুলে এসে তাকে ডেকে নেন এবং মারধর করেন। পরে ওই ছাত্রীকে ডেকে বিষয়টি জানতে চাইলে সে সুমনের বিরুদ্ধে বিরক্ত করার অভিযোগ অস্বীকার করে।
সুমনের আরও অভিযোগ, মারধরের বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখিয়ে সাজ্জাদ স্কুল থেকে চলে যান।
ঘটনার পরদিন উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উল্লেখ করে তাকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানানো হয়।
সুমনের খালু সায়েম কাজী বলেন, স্কুলের ভেতরে একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনা তদন্ত করে দেখা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য স্কুল একটি নিরাপদ স্থান হওয়া উচিত।
তিনি জানান, সুমনের বাবা-মা আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে সুমন ও তার ছোট ভাই হাসুয়া গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।
অভিযোগের বিষয়ে মো. সাজ্জাদ খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।
স্কুল থেকে ডেকে নিয়ে ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
Oplus_131072
React:




