নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ডিজেল বিক্রিতে সরকার প্রতিদিন প্রায় ১০৯ কোটি টাকা লোকসান গুনছে। বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের লোকসান হচ্ছে প্রায় ৮৯ টাকা। এ হিসাবে বছরে শুধু ডিজেল খাতেই সরকারের লোকসান দাঁড়াবে প্রায় ৪০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ধারাবাহিক লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমাতে সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে।
নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে পার্শ্ববর্তী ও এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি তেলের দামের তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়, ভারতের কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা এবং পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা।
বাংলাদেশে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম থাকায় সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি লিটারে ২০ টাকা দাম সমন্বয়ের ফলে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে জানানো হয়।
২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
এরই অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়বে বলে জানানো হয়।
এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন এলাকাগুলো থেকে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আশা প্রকাশ করা হয়েছে।
৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের কথা জানানো হয়েছে।
আগামী অক্টোবর থেকে দেশব্যাপী প্রায় ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা জানানো হয়। এর মাধ্যমে ভাতা জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবে পাঠানো হবে।
২০২৯-৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৩০০টি উপজেলায় ভিটামিনসমৃদ্ধ ‘পুষ্টিচাল’ বিতরণ অব্যাহত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের তথ্য তুলে ধরে জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে ল্যাবের মাধ্যমে ২ হাজার ৯৪২টি খাবারের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১১টি নমুনায় অতিরিক্ত ক্ষতিকর উপাদান পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে
ধর্ম মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, ২০২৭ সালের হজের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে এই বিমানভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার টাকার বেশি।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে দেশের ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানির আওতায় আনার কথা জানানো হয়েছে।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান সরকারের
Oplus_131072
React:




