নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে দেওয়া ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং পরিবেশ রক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন তিনি।
প্রায় চার দশক পর জাতিসংঘে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। অধিবেশনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও দেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের ন্যায্য অর্থায়ন পাওয়ার বিষয়টি জাতিসংঘে তুলে ধরা হবে। এ লক্ষ্যে গ্র্যান্টভিত্তিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলা হবে।
এ ছাড়া পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ, যেমন—বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়গুলোও বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।
সাইমুম পারভেজ বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় দেশের এসব কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা মনে করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সাইডলাইনে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘে প্রথম ভাষণে রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরবেন তারেক রহমান
Oplus_131072
React:




