মোঃ এনামুল হক
শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার(২১ অক্টোবর) শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
ছয় দিনের আনন্দ-উৎসব শেষে মণ্ডপে-মণ্ডপে এখন চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি।
এ উপলক্ষে উৎসবের আমেজের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের আবহ।
বুধবার বিকাল সাড়ে পাঁচটা দিকে প্রতিমা ব্রহ্মপুত্র নদীতে বিসর্জনের মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর টানা ছয় দিন ধরে উপজেলাসহ বিভিন্ন স্থানে পূজামণ্ডপ গুলোতে চলে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন।
বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলারবিভিন্ন এলাকা বর্ণিল সাজে সজ্জিত হয়। বিভিন্ন পূজামণ্ডপে নির্মাণ করা হয় আকর্ষণীয় তোরণ ও নান্দনিক সাজসজ্জা।
পূজার দিনগুলোতে মণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড় এবং নানা সাংস্কৃতিক আয়োজন। আজ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সেই উৎসবের আনুষ্ঠানিকতা।
বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন ছুটিপ্রাপ্তরা। দীর্ঘ ছুটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন দৃঢ় করে।
বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় হলেও মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে যায়।




