রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪২টি অবৈধ রিং জাল (চায়না দুয়ারি) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন, সাধুরপাড়া, দশানী নদী ও জব্বারগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পানিতে পেতে রাখা অবৈধ জালগুলো উদ্ধার করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, রিং জাল (চায়না দুয়ারি) ও কারেন্ট জালে মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বকশীগঞ্জে ৪২টি অবৈধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
React:




