হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুরঃ
চট্টগ্রাম থেকে চুরি করে আনা ১৬০ বস্তা শুঁটকি মাছ জামালপুরের হিমাগারে এনে রাখার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক মো. খলিল হোসেন, দ্বিতীয় চালক মো. আকতার হোসেন, হেলপার মো. নাদিম ও মো. বাবুল। তাঁদের মধ্যে খলিল ও আকতার হোসেনের বাড়ি ভোলা জেলার বিভিন্ন এলাকায়। নাদিমের বাড়ি চট্টগ্রামের পশ্চিম আদারবাড়ী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি চক্রের মাধ্যমে শুঁটকিগুলো জামালপুরে আনা হয়। পরে সেগুলো শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজে রাখার জন্য আনা হয়। তবে হিমাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ কাগজ দেখতে চায়। কাগজ পত্র দিতে না পারায় সন্দেহ হলে সেখানে থাকা চারজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। শুটকিগুলো আপাতত সেখানেই রাখা হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে চুরি হওয়া শুঁটকিগুলো জামালপুরে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শুঁটকি চুরির সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে মূল হোতা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে।




