নিজস্ব প্রতিবেদক, জামালপুর
জামালপুর শহরের উইজডম ল্যাবরেটরি স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শহরের সরদারপাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়।
উইজডম সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উইজডম শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল এবং জামালপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর ও মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়।
আলোচনা পর্ব শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জামালপুরে উইজডম স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
Oplus_131072
React:




