হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি জামালপুরঃ
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন মূল শুটার তাইজুলকে সামনে নিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। এ ঘটনায় তাঁর অস্ত্র রক্ষণাবেক্ষণ করেন, এমন অভিযোগে অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. জাহিদুল হাসান বিপিএম-সেবা।
রোববার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে জামালপুরের দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন- ‘একটি হত্যাকাণ্ড সংঘটিত হলেই সেখানে কর্মরত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সেটার কারণ উদ্ঘাটনের চেষ্টা করে। আমরা বিস্তারিত অনুসন্ধান করছি। এখনো আমাদের তদন্ত চলমান। গতকাল আমরা একজন সন্দেহভাজন, যাকে মূল শুটার তাইজুল হিসেবে সামনে রেখে এগোচ্ছি। তাঁর অস্ত্র রক্ষণাবেক্ষণ করেন, এমন একজনকে গত রাতে গ্রেপ্তার করেছি। তাঁর নাম অপূর্ব। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশাবাদী, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারব।’
দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে ডিআইজি বলেন, জামালপুর জেলায় ২২৭টি মণ্ডপ রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার প্রতিটি আয়োজন যেন সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এবার পূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা যাবে বলে তাঁরা আশাবাদী। বিসর্জনের দিন পর্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।’
এ সময় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




