স্টাফ রিপোর্টারঃ
জামালপুরে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, হেরোইন ও দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জামালপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পরিচালিত অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ২৪ জন, নিয়মিত মামলার ৮ জন এবং অন্যান্য অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী।
অভিযানে ১৫০ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন ও ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের মধ্যে সরিষাবাড়ী থানার দুজন, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ থানার একজন করে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের সকলেকেই আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন- ‘মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ জামালপুর গড়তে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’




