নতুন জামালপুর ডেস্ক:
মাদকমুক্ত সমাজ গঠনের বার্তায় জামালপুরে র্যালি ও মেডিকেল ক্যাম্প
মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে জামালপুরে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অব জামালপুরের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে শহরের প্রধান সড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, এর জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। রোটারির মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো এভাবে এগিয়ে আসায় তিনি প্রশংসা করেন।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত জামালপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোটারি ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট আরিফুল আলম আপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুল আহাদ স্বাধীন, পাস্ট প্রেসিডেন্ট ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী এবং রোটারিয়ান অ্যাডভোকেট রিশাদ রিজওয়ান বাবু।
বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রোটারি ও রোটার্যাক্টের বিপুলসংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




