হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি জামালপুর:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন-১২ই ফেব্রুয়ারির নির্বাচনের সুযোগ না পেলে দেশের অস্তিত্ব সংকট দেখা দিত। বেগম খালেদা জিয়ার অতীত বাণী বাস্তবে প্রমাণিত হয়েছে। আর ডিসেম্বরে আসার কথাটি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরাই ঘটিয়েছে। এসব অপকর্ম করে তারা দায় অন্যের ওপর চাপিয়ে বিদেশে দেশকে জঙ্গি হিসেবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন সরকারের কোনো দূরদর্শী পরিকল্পনা বা নতুন গ্যাস কূপ খননের প্রস্তুতি ছিল না। যার মাশুল এখন দেশবাসীকে দিতে হচ্ছে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার ও নিলুফার চৌধুরী মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শেষে উন্নয়ন প্রকল্পের অনুদানের চেক বিতরণ করা হয়।



