নবম জাতীয় পে স্কেল ২০২৬’ বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইনগত পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক সাতটি এসআরও (Statutory Regulatory Order) জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সব সরকারি চাকরিজীবীর জন্য বেতন কাঠামোর মূল কাঠামো অভিন্ন হলেও বিভিন্ন বাহিনী, প্রতিষ্ঠান ও সার্ভিসের প্রশাসনিক ও কারিগরি বৈশিষ্ট্যের কারণে প্রয়োগের ক্ষেত্রে আলাদা বিধান প্রয়োজন। এ কারণে সাতটি পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।
অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রজ্ঞাপন জারির পরই পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রয়োগে প্রয়োজনীয় পার্থক্য বিবেচনায় নিয়ে পৃথক এসআরও প্রস্তুতের কাজ চলছে।
সরকারি চাকরিজীবীরা কোন ক্যাটাগরিতে? নতুন পে স্কেল বাস্তবায়নে সাতটি পৃথক কাঠামো বা এসআরওতে যেসব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী থাকবেন, সেগুলো হলো—
১. সিভিল বা বেসামরিক প্রশাসনসরকারের সাধারণ বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এই কাঠামোর আওতায় থাকবেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে এটি মূল কাঠামো হিসেবে কাজ করবে।
২. পুলিশ বিভাগবাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বেতন, ভাতা এবং সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণে পৃথক এসআরও থাকবে।
৩. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজিবির কর্মকর্তা ও সদস্যদের জন্য বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা কার্যকরের ক্ষেত্রে পৃথক বিধান রাখা হবে।
৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসরকারি ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক কাঠামো কার্যকর হবে।
৫. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবিভিন্ন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা এসআরও থাকবে। এসব প্রতিষ্ঠানে নতুন বেতন কাঠামো কীভাবে কার্যকর হবে, তার বিস্তারিত বিধান এতে উল্লেখ থাকবে।
৬. সশস্ত্র বাহিনীসেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য সংশ্লিষ্ট যৌথ বাহিনী নির্দেশনা ও পৃথক বেতন কাঠামো কার্যকর করা হবে।
৭. বিচার বিভাগবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারকদের জন্য পৃথক বেতন কাঠামো ও সংশ্লিষ্ট বিধান কার্যকর থাকবে।অর্থাৎ, নবম পে স্কেলের মূল কাঠামো একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হলেও বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেতন-ভাতা নির্ধারণ এবং বাস্তবায়নের বিস্তারিত বিধান পৃথক এসআরওর মাধ্যমে স্পষ্ট করা হবে।
২০ গ্রেড বহাল, সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজারনবম পে স্কেলেও বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাস্তবায়নের বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।একই সঙ্গে আইবাস++-এ চাকরিজীবীদের তথ্য হালনাগাদ এবং নতুন বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।




