জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ। ৩১ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত ক্রয়চুক্তি করবে সরকার। নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় এয়ারলাইন্সটি পূর্ণাঙ্গ মিশ্র বহর (মিক্সড ফ্লিট) নিয়ে পরিচালিত হবে। অর্থাৎ বোয়িং ও এয়ারবাসের মতো দুই বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠানের উড়োজাহাজ নিয়ে এয়ারলাইন্সটি পরিচালনা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, মিশ্র বহর পরিচালনার সুবিধা থাকলেও একই সঙ্গে এর ব্যয়ও বাড়তে পারে। এই জন্য চুক্তির আগে পূর্ণাঙ্গ পরিচালন ব্যয়-সুবিধা বিশ্লেষণ করা অপরিহার্য।
সূত্র: যুগান্তর




