স্টাফ রিপোর্টার:
দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার আমল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারা ও গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দেশের আইনে তা বলা আছে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে এবং ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে এনেছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকায় এসব সমস্যার জন্য দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন।
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Oplus_131072
React:




