Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার চার দিনের রিমান্ড

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার চার দিনের রিমান্ড

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আগে গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশার বক্তব্য যাচাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে তাঁরা উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। এর আগে সন্ধ্যায় একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে তাঁদের দেখা যায়। একটি মোটরসাইকেল গ্যারেজেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।

পুলিশের দাবি, তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘোরাফেরা করেছিলেন দিশা। তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করেও তাঁদের মধ্যে একাধিকবার কথা হওয়ার তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, এ মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়ে দিশা ও দীপের দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। পাশাপাশি হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতা, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত, মামলার আলামত উদ্ধার এবং হত্যার স্থান নির্ধারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করছে পুলিশ।

দিশাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে গিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালত পুলিশের সাত দিনের আবেদনের বিপরীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন সাবেক নৌবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের দাবি, ওই দিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মরদেহ উদ্ধারের আগের রাতে দীপের পাশাপাশি দিশাও তাহসিফের সঙ্গে ছিলেন। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন তাঁরা। একই মোটরসাইকেলে রেস্টুরেন্টে আসা এবং পরে একসঙ্গে চলে যাওয়ার দৃশ্যও ফুটেজে পাওয়া গেছে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম এ ঘটনায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ-পুলিশের হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় দীপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies