সাড়ে পাঁচ মাস।
একটি দীর্ঘ সময়। রাজনীতির উত্তাল ময়দান থেকে দূরে।
হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানো। তারপর ঢাকার হাসপাতাল থেকে সিঙ্গাপুর। সেখান থেকে মালয়েশিয়া। একের পর এক চিকিৎসা, পরীক্ষা, পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ বুধবার, ২ সেপ্টেম্বর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা মির্জা আব্বাসের।
দেশে ফেরানোর প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে পরিবার।
মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ, চিকিৎসকদের ভাষায় এখন দেশে ফেরার মতো অবস্থায় তিনি।
দেশে ফেরার পরও চলবে চিকিৎসা ও পুনর্বাসন। প্রতিদিনের জন্য রাখা হয়েছে ফিজিওথেরাপির ব্যবস্থাও। পরিবার ও দলের নেতাদের ভাষ্য, দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।
গত ১১ মার্চ অসুস্থ হন তিনি।
ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস।
উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় মাত্র কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত হয় বিদেশে নেওয়ার। ১৫ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।




