সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। নিজের বক্তব্যটি প্রত্যাহার করেছেন তিনি। তার মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই সংসদ সদস্য।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন কামরুজ্জামান রতন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’
নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে কামরুজ্জামান রতন বলেন, বক্তব্যটি দেওয়া তার একেবারেই ঠিক হয়নি। এ জন্য তিনি সম্পূর্ণভাবে মন্তব্যটি প্রত্যাহার করছেন। তার কথায়, ওই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং আবারও ক্ষমা প্রার্থনা করেন।




