দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নকশার ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট থাকার পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এ বিধান কার্যকর করতেই সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএ নির্ধারিত মাপ অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের বিষয়েও নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। এর পটভূমি হবে সাদা অথবা প্রাকৃতিক ধাতব রঙের এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
গণবিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের নমুনা হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নিবন্ধন সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল নিবন্ধন নম্বর স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন শনাক্তকরণে নজরদারি জোরদারের লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজ দায়িত্বে নির্ধারিত নিয়ম অনুসারে নম্বরপ্লেট সংযোজন করতে হবে সব মোটরসাইকেল মালিককে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বিআরটিএ।




