জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উল্লেখ করা হয়েছে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এজিএস মাসুদ রানা এ সংক্রান্ত একটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। ফেসবুক পোস্টের লিংকে রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরমের লিংকও শেয়ার করেছেন তারা।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষোভও করেন তারা।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশের পরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে এল।




