Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার ‘অপারেশন ক্লিন হার্টের’ মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আপাতত কোনো চ্যালেঞ্জ অনুভব করছে না। তবে অপরাধীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্যরা মাঝেমধ্যে হামলার শিকার হচ্ছেন।

বুধবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জগতে প্রতারণা, অনলাইনে ব্ল্যাকমেইল, শেয়ারবাজারে কারসাজি ও আর্থিক জালিয়াতির মতো অপরাধ বাড়ছে। এসব অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও তদন্তের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি জানান, দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত আধুনিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারের মাধ্যমে ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ তদন্তের সক্ষমতা বাড়বে। পাশাপাশি অনলাইন প্রতারণা, মাদক ও অস্ত্রের বেচাকেনা এবং জঙ্গি কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধেও সহায়তা পাওয়া যাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ সংগ্রহ করা সম্ভব হবে। এতে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি বিচারপ্রার্থীদের হয়রানি কমানো সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশের বিশেষায়িত সাইবার ইউনিট গঠনের পরিকল্পনার অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু হয়েছে। নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রাখা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য নাশকতা এবং আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় পুলিশ সদস্যরা কখনো কখনো হামলার শিকার হচ্ছেন। গ্রেপ্তার অভিযানে কেউ আসামিকে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ ছাড়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন ও কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies