দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে এক লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জ্বালানি ও শক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আগের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে দেশে সহিংসতার মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি।
অনলাইন নিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সময়োপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। এমন আইন কার্যকর হলে সমাজে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।




