স্টাফ রিপোর্টার:
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধী দলের কিছু কর্মকাণ্ডের সঙ্গে অতীতে ক্ষমতাচ্যুতদের কর্মকাণ্ডের মিল রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল এমনভাবে গালিগালাজ করে, এটাকে তারা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে তুলে ধরছে। এ ধরনের আচরণ দেশের মানুষ গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।’
পানিসম্পদমন্ত্রী বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা বাইরে থেকে গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিলের নেতৃত্ব দিচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মিল রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনেও ষড়যন্ত্রকারীদের রাজপথে মোকাবিলা করা হবে।
বিরোধী দলের সংসদীয় ভূমিকা প্রসঙ্গে এ্যানি বলেন, সংসদে তারা সুন্দরভাবে কথা বললেও বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গণতন্ত্র ধ্বংসে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
Oplus_131072
React:




