স্টাফ রিপোর্টার:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন এমনিতেই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অল্প সময়ের ব্যবধানে দফায় দফায় দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফখরুল ইসলাম আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ভিক্ষুক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়বে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও তিনি সমালোচনা করেন।
তিনি আরও বলেন, সংসদ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানির কথা থাকলেও রাতের আঁধারে দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সঞ্চালনা করেন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর এর দায় চাপানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সুযোগ দেওয়ার অভিযোগও করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদারসহ অন্যরা।
সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও দেশে অস্বাভাবিকভাবে বেড়েছে : সিলেট মহানগর জামায়াত আমির
Oplus_131072
React:




