নিজস্ব প্রতিবেদক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজিত নবীনবরণ-পরবর্তী কনসার্টে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে জবি শাখার দুই যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এজন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন। নোটিশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্টদের দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জবি শাখা ছাত্রদলের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-পরবর্তী কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হন।
জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ
Oplus_131072
React:




