বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ ও দেশ গঠনে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘মনে হচ্ছে যেন একটি পুকুরের মাছ যখন বিশাল সমুদ্রে এসে পড়ে, তখন তার সাঁতার কাটার জায়গার অভাব নেই, খাবারের অভাব নেই। তোমরা আজ বিশাল সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছ। এখানেই তোমাদের লক্ষ্য স্থির করতে হবে—কোন পথে তোমরা যাবে। তোমাদের ভবিষ্যৎ আজ তোমাদের হাতের মুঠোয়।’
তিনি বলেন, ‘ভেবো না তোমাদের ভবিষ্যৎ আমরা তৈরি করে দেব। আজ নিজেকে ডিটারমাইন্ড হতে হবে—কী হতে চাও, কী করতে চাও, কীভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে; সেই সময়টা আজ তোমাদের এখনই।’
দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নবীন শিক্ষার্থীদের দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা যে আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ; অতএব বাংলাদেশকে কীভাবে গড়বে, সেটা তোমাদের চিন্তায় আসতে হবে।’
শিক্ষার সঙ্গে কর্মসংস্থান ও শিল্প খাতের সংযোগের প্রয়োজনীয়তার কথাও বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সম্প্রতি চীনের কারিগরি শিক্ষা ও শিল্প খাতের মডেল দেখতে চার দিনের সফরে গিয়েছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প খাতের যে যোগসূত্র রয়েছে, তা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্ভাবনী সক্ষমতা গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় এআই নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদেরও নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, উপহার ও খাবার বিতরণ করা হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কী হতে চাও, এখনই লক্ষ্য স্থির করো’
Oplus_131072
React:




