স্টাফ রিপোর্টার :
জামালপুরে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ ও খেলাধুলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) জামালপুরের নারিকেলী দারুস সালাম নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদরাসায় এ আয়োজন করা হয়। এতে মাদরাসার নূরানি ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একবেলা খাবার পরিবেশনের পাশাপাশি তাদের বিনোদন ও খেলাধুলার জন্য বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। খাবার ও উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে আবাম ফাউন্ডেশনের উপদেষ্টা আবিদুর রহমান বলেন, “শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের আনন্দের অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশ ও বিনোদনের সুযোগ তৈরি করাও জরুরি। আবাম ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।”
এ সময় মাদরাসার শিক্ষকরা আবাম ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খাবার বিতরণ ও উপহার প্রদান শেষে শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জামালপুরে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের খাবার ও খেলাসামগ্রী উপহার
oplus_2
React:




