হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুরঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টন ও বায়তুল মোকাররমে লগি-বৈঠার হামলায় নিহত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের পিটিআই মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর শহর শাখা জামায়াতের আমির আল ইমরান সুজনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হক জামালি। এ সময় জামায়াতে ইসলামী শহর ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা ও লাশের ওপর নৃত্য করার অভিযোগ রয়েছে। ওই দিনের নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘদিন পার হলেও এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হক জামালি বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জামালপুর শহর শাখা জামায়াতের আমির আল ইমরান সুজন বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামিলীগ নিজেদের ফ্যাসিস্ট হওয়ার সূচনা তৈরি করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। নিহতদের পরিবার যেন ন্যায়বিচার পায়, সে জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।




