স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৫০ শতাংশ জমির বেগুন চারা উপড়ে ফেলে ক্ষেত নষ্ট ও সেচের মটর চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক আলামিনের অভিযোগ, দক্ষিণ বালুরচর এলাকার শুক্কুর হাজীর ছেলে সোনাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার মধ্যরাতে সোনাহার ও তার পরিবারের লোকজন তার প্রায় ৫০ শতাংশ জমির বেগুনের চারা উপড়ে ফেলে নষ্ট করেন। একই সঙ্গে বেগুন ক্ষেতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত একটি মটর নিয়ে যান।
এসময় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন আলামিন।
অভিযোগের বিষয়ে সোনাহারের সঙ্গে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।মেলান্দহ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু রায়হান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




