Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

যাত্রা শুরু করল দৈনিক নতুন জামালপুর

যাত্রা শুরু করল দৈনিক নতুন জামালপুর

নিজস্ব প্রতিবেদক ।।

‘সত্যের পক্ষে, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক পত্রিকা দৈনিক নতুন জামালপুর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক আব্দুল জলিল, শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার নিউজের জামালপুর প্রতিনিধি আলমগীর হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, যমুনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাগর ফরাজী, জাগো নিউজের সাংবাদিক শাওন আহমেদ, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মিরাজ হোসেন এবং বর্তমান সভাপতি মুসলিম ইবনে রবিসহ স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

প্রারম্ভিক বক্তব্যে দৈনিক নতুন জামালপুরের প্রধান সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘তথ্য-প্রযুক্তির এই সময়ে তথ্য ও সংবাদের অভাব নেই, আছে আস্থার অভাব। দৈনিক নতুন জামালপুর সেই আস্থার জায়গা তৈরি করতে চায়।’

উদ্বোধনী বক্তব্যে স্টার নিউজের সাংবাদিক আলমগীর হোসেন দৈনিক নতুন জামালপুরের সাফল্য কামনা করে বলেন, ‘নতুন জামালপুরের জন্য শুভকামনা। পত্রিকাটি যেন আর দশটি পত্রিকার মতো হারিয়ে না যায়, সেই প্রত্যাশা করি।’

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন বলেন, ‘বাবার সূত্রে সাপ্তাহিক ঝিনাই পত্রিকার প্রথম পাঠক থাকতাম আমি। তাই পত্রিকার প্রতি আমার আলাদা আবেগ রয়েছে। দৈনিক নতুন জামালপুর যেন সবসময় সত্যকে ধারণ করতে পারে, সেই প্রত্যাশা করি।’

যমুনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাগর ফরাজী বলেন, ‘পত্রিকা পড়ে যেন এমন কিছু পাই, যা নিয়ে আমাদের আরও তথ্য-উপাত্ত যোগ করার সুযোগ তৈরি হয়। নতুন জামালপুরের কাছে এমন প্রত্যাশাই থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল বলেন, ‘নতুন জামালপুরের সম্পাদকের প্রতি আমার আস্থা আছে। আশা করছি, তিনি পত্রিকাটিকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিতে পারবেন।’

দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক আব্দুল জলিল দৈনিক নতুন জামালপুরের সাফল্য কামনা করে বলেন, পত্রিকাটি যেন গণমানুষের কথা বলতে কোনো অবস্থাতেই পিছপা না হয়। মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশীদ বলেন, বর্তমান সময়ে একটি পত্রিকা সমাজে নানামুখী ভূমিকা রাখতে পারে। শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে জামালপুরে মাদকের বিস্তার রোধে দৈনিক নতুন জামালপুরের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের শক্তি শুধু তার প্রকাশনায় নয়, পাঠকের আস্থা অর্জনে। সত্যনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী সাংবাদিকতা, জনস্বার্থের বিষয়কে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়েই একটি পত্রিকা দীর্ঘমেয়াদে পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

বক্তারা দৈনিক নতুন জামালপুরকে সেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক নতুন জামালপুরের প্রথম সংখ্যা অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। পরে কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies